স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি আয়োজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট বাহুবল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সংগঠনের নামে একটি কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘নজরুল ইসলাম হেলাল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট/প্রোফাইল থেকে ১৫ আগস্টের ওই কর্মসূচি-সংক্রান্ত প্রচার চালানো হয়। বিষয়টি আইনশৃংখলা বাহিনীর নজরে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।