হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহার করার অপরাধে বাহুবলে শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। দণ্ডপ্রাপ্ত শাহ আলম আলী উত্তরসুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
জানা যায়, শাহ আলম আলী গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং স্ত্রীকে প্রহার করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন, উচ্ছৃঙ্খল আচরণ ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।