নবীগঞ্জ প্রতিনিধি ॥ “রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের পর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ এবং স্বাগত বক্তব্য প্রদান করা হয়। এরপর উপজেলার বিভিন্ন সুফলভোগী ও মৎস্যচাষীগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, পৌর জামায়াতে আমির এমদাদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদসহ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষী ও সুফলভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।