স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও র্যাব-১১।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১১-এর সিপিএসসি সদস্যরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. মোস্তাকিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে।
র্যাব জানায়, গত ৪ জুলাই সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে আবদুল্লাহ ও তার দুই ভাই স্থানীয় একটি মসজিদে নামাজ শেষে বের হলে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর এক ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাহুবল থানায় দণ্ডবিধির হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলাটি তদন্তের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, এর আগে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট একই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।