স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে শায়েস্তাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের শায়েস্তাগঞ্জ গালর্স স্কুল রোডসংলগ্ন একটি অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়। ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃত ব্যক্তি হলেন মো. আব্দুল জলিল (৫৩)। আটক মো. আব্দুল জলিল মৃত হাজি আব্দুল নূরের ছেলে। তার বাড়ি মোহরোল সুনাম গ্রামে, ডাকঘর শায়েস্তাগঞ্জ, থানা শায়েস্তাগঞ্জ, জেলা হবিগঞ্জ। অভিযানের সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত মোবাইল ফোন (স্যামসাং এ–২৩) জব্দ করা হয়।
আটকের পর তাকে শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানার প্রতিনিধির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।