মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ জেলায় তীব্র বিশুদ্ধ পানির সংকট ॥ শহরেও নাজুক অবস্থা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ছড়া, নদী ও বিল থেকে জমিতে সেচের পানি কিছুটা পাওয়া গেলেও খাওয়ার পানির জন্য গ্রামে গ্রামে চলছে হাহাকার। একই সঙ্গে জেলার শহর এলাকাতেও পানির সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলার বিভিন্ন নদী-খাল ও জলাশয় প্রায় শুকিয়ে গেছে। খোয়াই নদী ছাড়াও অধিকাংশ নদী-খাল-বিলে এখন পানি নেই বললেই চলে। এতে করে কৃষিজমিতে সেচের জন্য ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে। ফলে অনেক জায়গায় গভীর নলকূপেও পানি উঠছে না। এমনকি কোনো কোনো গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে মোটর দিয়েও পানি তোলা সম্ভব হচ্ছে না। শহরের শায়েস্তানগরের বাসিন্দা আছমা বেগম বলেন, “আমাদের এলাকায় কখনো পানির অভাব হবে, এমনটা কখনো ভাবিনি। অথচ এখন টিউবওয়েলে পানি ওঠে না। কয়েক বছর পর হয়তো আর পানিই মিলবে না।” উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নদী ও বিল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের জমিতে সেচ দিতে ব্যাপকভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। ভুক্তভোগীরা জানান, গ্রামে গ্রামে বোরো ধানের জন্য বসানো শক্তিশালী সেচ প্রকল্পগুলো মাটির নিচ থেকে বিপুল পরিমাণ পানি টেনে নিচ্ছে। এতে করে গ্রামের সাধারণ টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, “গ্রামের প্রায় সব টিউবওয়েলেই এখন পানি ওঠে না। যাদের গভীর নলকূপ আছে, তাদের বাড়িতে কিছুটা পানি পাওয়া যায়।”
সচেতন মহল মনে করছেন “জেলার অনেক নদী, খাল ও বিল ভরাট হয়ে গেছে। এসব জলাশয় শুকিয়ে যাওয়ায় কৃষিজমিতে সেচের জন্য ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে। ফলে পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং এ সংকট তৈরি হয়েছে।”
এদিকে শুধু গ্রাম নয়, হবিগঞ্জ শহরেও পানির সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক এলাকায় টিউবওয়েল বা মোটর দিয়েও পানি তোলা যাচ্ছে না। এতে করে পবিত্র রমজান মাসে শহরের বাসিন্দারাও বিশুদ্ধ পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com