স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট রেমা-কালেঙ্গা দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। এক সময় যেখানে বড় আকৃতির মূল্যবান গাছ আর সমৃদ্ধ জীববৈচিত্র্যের দেখা মিলত, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। বছরের পর বছর ধরে চলা অবৈধ গাছ পাচারে এই অভয়ারণ্য ধ্বংসের দ্বারপ্রান্তে। সম্প্রতি বনদস্যুদের তৎপরতা আরও বেড়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মহাসড়কে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই গাছসহ একটি ট্রাক জব্দ করে বন বিভাগ ও র্যাব। অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের ফরেস্টার ও ডেপুটি রেঞ্জার আশিকুর রহমান। অভিযানে অংশ নেয় শায়েস্তাগঞ্জ সিপিসি র্যাব-৩ ক্যাম্পের একটি টিম। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ মোট পাঁচজনকে আটক করা হয়। ফরেস্টার বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ১১ ডিসেম্বর গভীর রাতে কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড় এলাকায় সংঘবদ্ধ একটি চক্র সেগুন গাছ কাটতে গেলে বনরীদের সঙ্গে তাদের ভয়াবহ সংঘর্ষ হয়। বন বিভাগ জানায়, প্রায় ৫০ থেকে ৬০ জন সশস্ত্র পাচারকারীর সঙ্গে আধাঘণ্টার বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে জনবল সংকটে বনরীরা পিছু হটতে বাধ্য হন। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে দস্যুরা পালিয়ে যায়।
কালেঙ্গা বিট কর্মকর্তা আল-আমিন বলেন, “তারা গুলি করেছে, আমরাও পাল্টা গুলি করেছি। আমাদের লোকবল কম ছিল। পরে আমরা পিছু হটতে বাধ্য হই। তারা কিছু গাছ কেটে নিয়ে গেছে।”
চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তঘেঁষা এই রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে রয়েছে ৬৩৮ প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল ও বড় আকৃতির গাছের আধিক্য ছিল। কিন্তু অবাধ গাছ কাটায় বন এখন মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট রাতের আঁধারে বন উজাড় করছে। রেমা-কালেঙ্গা ডেপুটি রেঞ্জার আব্দুল হাদী বলেন, “আমরা এ পাচারকারীদের সঙ্গে পারি না। চাকরি করার উদ্দেশ্যে এসেছি, অনেক কিছু সহ্য করেই দায়িত্ব পালন করতে হয়।” হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, “থানাকে আমরা অবহিত করেছি। একজন আসামিকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র যত দ্রুত উদ্ধার করা যাবে, ততই সবার জন্য মঙ্গল।”
উল্লেখ্য, ১ হাজার ৭৯৫ হেক্টর আয়তনের এই বনভূমি সুন্দরবনের পর বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বন। তবে অব্যাহত গাছ পাচার ও দস্যুদের তাণ্ডবে হুমকির মুখে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে খুব অল্প সময়ের মধ্যেই রেমা-কালেঙ্গা বনাঞ্চল সম্পূর্ণ উজাড় হয়ে যেতে পারে এমন আশঙ্কাই করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা।