মখলিছ মিয়া ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এদেশের জনগণ বারবার আন্দোলন করে স্বৈরাচারী শাসক হটিয়েছে, গণঅভ্যুত্থান করেছে। কিন্তু প্রতিবারই সঠিক নেতৃত্বের অভাবে প্রতারিত হয়েছে। ২০২৪ সালেও দেশের ছাত্র-শ্রমিক-জনতার বুকের রক্তে গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বতী সরকার গণমানুষের স্বার্থের বদলে সংবিধান পরিবর্তন, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে মানুষের দুঃখ-কষ্ট ঢেকে দিয়ে নিজেদের ভাগ্য গড়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেন অতীতের স্বৈরাচারী সরকারের সাথে পাল্লা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছেন তারা। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণ চেয়েছিল দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সকল রকম বৈষম্য থেকে মুক্তি। কিন্তু একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি। ব্যবস্থা বদলের পরিবর্তে একই শ্রেণীর কাছে ক্ষমতার হাত বদলের কারণে গণমানুষের জীবনমানের পরিবর্তন ঘটছে না। তাই বুর্জোয়া ও লুটেরা রাজনীতির বৃত্তের বাইরে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। 
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের আরডি হল প্রাঙ্গণে বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী ও বাসদ হবিগঞ্জ জেলা শাখার প্রথম সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাসদের সাবেক সমন্বয়ক কমরেড আবুল কালাম আজাদ, বাসদ জেলা শাখার সদস্য কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড ফয়সল আহমেদ, সদস্য কমরেড নুরুজ্জামান তরফদার প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, চুনারুঘাট উপজেলা শাখার সদস্য সচিব কমরেড মুজিবুর রহমান ফরিদ, বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমরেড এআরসি কাওছার, বানিয়াচংয়ের সাবেক সমন্বয়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার, অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সহসভাপতি সামসুর রহমানসহ বিভিন্ন উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্বের পর এক বিশাল লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে আরডি হল প্রাঙ্গণে ফিরে আসে। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে আরডি হল প্রাঙ্গণে এসে জড়ো হয়। মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সম্মেলনের প্রধান বক্তা কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই সনদে স্বাক্ষর দেওয়া না দেওয়া এবং এটাকে আইনি ভিত্তি দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরি করা হচ্ছে। এই বিতর্কের আড়ালে এ দেশের বন্দর, করিডোর ও বাংলাদেশের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তির অস্ত্র কারখানা তৈরীর অনুমোদন দেওয়ার চক্রান্ত চলছে।
সমাবেশে শেষে জেলা বাসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমরেড নুরুজ্জামান তরফদারকে আহ্বায়ক ও কমরেড শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সদস্য এডভোকেট জুনায়েদ আহমেদ, কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, কমরেড আব্দুল কুদ্দুস মজুমদার, কমরেড ফয়সাল আহমেদ, কমরেড মোশারফ হোসেন খান শান্ত, কমরেড দীপক দত্ত, ডাঃ সুনীল রায়, কমরেড মুজিবুর রহমান ফরিদ, এডভোকেট জিলু মিয়া, কমরেড লোকমান তালুকদার ও কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওসার।