স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবাধে মাটি কেটে সাবাড় করে দিচ্ছে ভূমিদস্যুরা। এতে একদিকে পরিবেশ হুমকির মুখে পড়েছে, অন্যদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে। বারবার নিষেধ করার পরও তাদের দমন করতে পারছেনা প্রশাসন। মাটি কাটার ব্যাপারে নেই কোনো অনুমোদন, নেই কোনো লিজ। যদিও প্রধানমন্ত্রীর নিষেধ ফসলি জমির মাটিকাটা যাবে না। কিন্তু কারো কথা তোয়াক্কা না করেই চলছে মাটি কাটার মহোৎসব।
অভিযোগ রয়েছে, এক্সেভেটর মেশিন দিয়ে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর, হলদারপুর, নোয়াগাঁও, পুকড়া ইউনিয়নের দৌলতপুর, সিকান্দরপুর, খাগাউড়া ইউনিয়নের ধুলিয়াগাট্টুয়া, গুণই, করচা, হরিপুর, মন্দরী ইউনিয়নের বিভিন্ন স্থানে, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের হরিয়া, মান্দারকান্দি, শিবগঞ্জ, পুরানগাঁওসহ বিভিন্ন গ্রামে মাটিকেটে ইটভাটাসহ বিভিন্নভাবে বিক্রি করা হচ্ছে। মাঝে মধ্যে নামমাত্র দুই একটি অভিযান করে সামান্য জরিমানা করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও একই অবস্থা। গ্রামবাসী এসবের কবল থেকে ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন।