স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা বিএনপি নেতা এবং দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার
তারেক মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুল ইনজেকশনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসকদের কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করবে। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন হবিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন সাংবাদিকতা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।