চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চুরি করা গরু বাজারে বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন বিজয় রবিদাস (২২) নামে এক যুবক। গত সোমবার বিকেলে উপজেলার আমরোড গরুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক বিজয় রবিদাস উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা-বাগানের পুলপার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নালুয়া চা-বাগানের আরংবিল এলাকার বাসিন্দা বিশ্বজিত মুন্ডার একটি গরু চুরি করেন বিজয়। পরে চুরি করা গরুটি নিয়ে আমরোড গরুর বাজারে বিক্রি করতে যান তিনি। বাজারে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি গরুটি চুরি করেছেন বলে স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় রবিদাস জানিয়েছেন, এর আগেও তিনি চুরির নেশায় নিজের ঘরের গরু চুরি করেছিলেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।