স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক খোয়াই এর প্রধান প্রতিবেদক ও আগামীর সময় এর জেলা প্রতিনিধি বদরুল আলমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোঃ জাহাঙ্গীর আলম আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হীলালপুর গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, গত সোমবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর আলম। পথে বানিয়াচং উপজেলার কুন্ডুরপাড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে মোঃ জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে খোয়াই পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান ও খোয়াই পরিবারের পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।