নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার দায়েরী মামলা তুলে নেয়ার জন্য বাদীর পরিবারের লোকদের অনাগত হুমকী দিয়ে আসছে আসামী মোর্শেদসহ তার ভাই ও স্বজনরা।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাওঁ গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে মোর্শেদ মিয়া দীর্ঘদিন ধরে তার স্কুল পড়ূয়া চাচাতো বোন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী একই গ্রামের মৃত সমসর মিয়ার মেয়েকে উত্যক্ত করে আসছিল। গত ৭ সেপ্টেবর দুপুরে ওই স্কুল ছাত্রীর মা, ভাই-ভাবী বাড়িতে না থাকার সুযোগে মেয়েটির ঘরে একা পেয়ে বখাটে মোর্শেদ মিয়া ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে মেয়েটি মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরুব্বীয়ান বিষয়টি আপোষে মিমাংসার উদ্যোগ নেন। স্থানীয় মাতব্বরগণ এ ঘটনায় শালিস বিচার করে মুর্শেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ রায় প্রত্যাখ্যান করে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোর্শেদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দিয়েছেন। ওই মামলা দায়েরের পর থেকে তা তুলে নেয়ার জন্য আসামী মোর্শেদ ও তার লোকজন বাদীর পরিবারের লোকজনকে নানা ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে।