স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পানিতে ডুবে আশ্রাব মিয়া নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। সোমবার সকাল ১১টার দিকে বাড়ীর পাশের পুকুরে ডুবে সে মারা যায়। আশ্রাব মিয়া ওই গ্রামের হাশিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুদের সাথে খেলাধুলা করতে গিয়ে সকলের অগোচরে আশ্রাব মিয়া পুকুরের পানিতে পরে যায়। খোজাখুজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে লাখাই থানা থেকে পুলিশ হাশিম মিয়ার বাড়ী থেকে শিশুর লাশ থানায় নিয়ে যায়।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, মায়ের অসতর্কতার জন্য শিশু আশ্রাব মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ এ ব্যাপারে অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।