স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় পলাতক আরও এক আসামীকে করেছে র্যাব-৯। গতকাল শনিবার (২৮ মার্চ) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন মিয়া (৩০) নামে ওই আসামিকে আটক করা হয়। র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত শাহিন মিয়া মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা। সে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী গত ২৩ মার্চ বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে সিএনজিযোগে সুরমা চা বাগানে ঘুরতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই দুর্বৃত্ত তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করে। এ সময় ভুক্তভোগীর সঙ্গী পালিয়ে গেলে দর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় তারা ভুক্তভোগীর কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শাহিন মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।