স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও সক্রিয় হয়ে উঠেছে নকল সোনার কারবারিরা। এ চক্রের ১ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফজলু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ফজলু মিয়া সদর উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই একটি চক্র হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নকল সোনা বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। বিশেষ করে পুরাতন বাসস্ট্যান্ড, বাজার এলাকা ও জনসমাগম বেশি এমন স্থানে তারা টার্গেট করে সহজ-সরল মানুষদের। স্বর্ণের লোভ দেখিয়ে কম দামে বিক্রির প্রলোভন দিয়ে তারা প্রতারণা চালায়।
গতকাল শনিবারের এ অভিযানে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজলু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে নকল স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এদিকে, শহরে নকল সোনার কারবার আবার সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল দ্রুত এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং অস্বাভাবিক কম দামে সোনা কেনাবেচার প্রলোভনে না পড়তে পরামর্শ দেওয়া হয়েছে।