শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে পৌরসভায় একটি কম্পিউটার দোকানে দু:সাহসিক চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে পৌর শহরের গার্লসস্কুল রোড এলাকার চৈতী ম্যানশনের সুভাষ কম্পিউটারের দোকানে চুরির ঘটনাটি ঘটেছে। দোকান মালিক সুভাষ দেবনাথ জানান, ওই রাতে সাটারের তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে বিকাশ ও ফ্লেক্সিলোডের ৫৫ হাজার টাকা ও একটি ট্যাব নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, খায়রুল আলম মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল, মার্কেটের পরিচালক রায়হান আহমেদ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেটের ব্যবসায়ী পৌর কাউন্সিলর সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।