আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে টানা গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার বিকালে মাধবপুর উপজেলা জুড়ে অনুষ্ঠিত হয় একটি বিপুল জনসমাগমে বর্ণাঢ্য প্রচার মিছিল। যেখানে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ ও সেজান মিয়ার নেতৃত্বে বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলটি অংশগ্রহণকারীরা দলে দলে এসে যুক্ত হন। ধানের শীষের পক্ষে শ্লোগান, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাধবপুরের প্রধান সড়ক, বাজার এলাকা এবং জনবহুল গুরুত্বপূর্ণ মোড়গুলো।
নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় সামনের সারিতে ছিল। তাই নির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করতে তারা সর্বশক্তি নিয়োগ করবে।
মিছিল শেষেণ এক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, “ধানের শীষ হচ্ছে দেশের মানুষের শেষ আশ্রয়। সাধারণ মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র ফেরাতে এ প্রতীকের বিজয় দরকার। মাধবপুর–চুনারুঘাটের মানুষ পরিবর্তন চায়, তারা ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। তাই তরুণ ভোটারদের সাথে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন তৈরি করছি।”
তারা আরও বলেন, “সৈয়দ মোঃ ফয়সল একজন শিক্ষিত, তরুণ ও যোগ্য প্রার্থী। তিনি এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানের অঙ্গীকার করেছেন। জনগণ তাকে গ্রহণ করেছে, এবং এই নির্বাচনেও এর প্রতিফলন দেখা যাবে।”
স্থানীয়রা জানান, ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল এত ব্যাপক ও সুশৃঙ্খল ছিল যে পুরো উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ আরও তীব্র হয়েছে। অনেক এলাকায় দোকানপাট, চা-স্টল এবং বাজারে সাধারণ মানুষের আলোচনার মূল বিষয় হয়ে ওঠে এ প্রচার মিছিল।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে নেতারা ভোটারদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার দাবি তোলেন।
ছাত্রদল নেতাদের দাবি, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে টিম গঠন করে প্রচার চালিয়ে যাচ্ছেন। মাঠে নেমেছে তরুণ প্রজন্ম, যারা বদলে যেতে চায় ভাগ্য ও এলাকার চিত্র।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল জানান, তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে আরও অনুপ্রাণিত করেছে। তিনি শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাধবপুর-চুনারুঘাট আসনে ধানের শীষের এই প্রচার মিছিল নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।