স্টাফ রিপোর্টার ॥ শহরের শ্মশানঘাট এলাকার হরিজন পট্টিতে চাঁদাবাজি করতে গিয়ে আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন-উমেদনগর আলগা বাড়ি গ্রামের আব্দুল মতিনের পুত্র শাকিল, পশ্চিম ভাদৈ বর্তমানে পুরান মুন্সেফীর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র হাবিবুর রহমান রিয়াদ, ডাকঘর এলাকার ফরিদ ম্যানসনের বাসিন্দা আবুল হোসেনের পুত্র মোঃ নাজিম উদ্দিন, চৌধুরী বাজার এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ূমের পুত্র মোশারফ মিয়া, নাতিরাবাদের শাহ আলমের পুত্র শিহাব, তার ভাই কানন মিয়া, ২নং পুল তেঘরিয়ার কাজল মিয়ার পুত্র রাব্বি আহমেদ রবিন, রাজনগর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রিয়াদ, উমেদনগর আলগাবাড়ির সালমানসহ অজ্ঞাত ২০-২৫ জন। গতকাল রবিবার সকালে ওই এলাকার বাসিন্দা মৃত হরি মোহন দাসের পুত্র দিপক রঞ্জন দাস বাদি হয়ে মামলা করেন। মামলাটি ওসি রুজু করেন। মামলা নং-১৬।
মামলার বিবরণে জানা যায়, ২০ সেপ্টেম্বর এনামুল হক সাকিবের নেতৃত্বে ২০-৩০ যুবক বাবুল হরিজনের বাসায় ঢুকে চাঁদা দাবি করে। এতে তিনি অপারাগতা প্রকাশ করলে তাকে ও তার পরিবারকে মারধোরসহ শ্লীলতাহানি করে। এমনকি বাসা-ভাংচুর করে লুটপাট করে। পরে তাদের চিৎকারে লোকজন এসে হাবিবুর রহমান রিয়াদ ও রাব্বি আহমেদ শোভনকে আটক করে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিলে ঘটনার সত্যতা স্বীকার করে। এ সময় সাকিবসহ অন্যরা পালিয়ে যায়। থানায় খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসে।
ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ সুপারের নির্দেশ শহরে চাঁদাবাজি চলবে না। কিন্তু এরপরও যারা এসব করে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর রয়েছে। ২ জনকে আটক করা হয়েছে। সাকিবসহ অন্যদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে। এ ঘটনায় হরিজন সম্প্রদায়ে ক্ষোভ দেখা দিয়েছে।