নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যলাপের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেছেন কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (২২ আগষ্ট) দলীয় প্যাডে বিএনপি/সাধারণ/৭৭/১৪৪/২০২৫ইং স্মারকে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিক পত্রে উক্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। ছাবির আহমেদ চৌধুরীর পদ স্থগিতের খবর নবীগঞ্জে পৌছুলে কিছু নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। তারা শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করেন। প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ’কে মিষ্টি মুখ করানো হয়। পরে বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। এক পর্যায়ে তৃণমুল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরীতপত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তি মূলক উক্ত ব্যবস্থা গ্রহন করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে। উক্ত পত্রে বলা হয়েছে ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।