স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ভোররাতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভাঙারি মালামালের নিচে এবং গাড়ির পাটাতনের নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।
এদিকে পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যায়।
জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত এসব পণ্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।