বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদন ॥ রাজনৈতিক দাফট আর প্রভাবশালীদের কালো থাবায় তছনছ বদরুলের স্বপ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘল বাক ইউনিয়নের কামারগাঁও বাজার এর সুনামধন্য ব্যবসায়ী মনপুরা ফ্যাশন হাউজ এর স্বত্বাধিকারী ও সমাজ সেবক মোঃ বদরুল ইসলাম এর সম্পর্কে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য। মোঃ বদরুল ইসলাম দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আলহাজ্ব আলীম উল্লা ও খনেজা বিবির ছোট ছেলে। পারিবারিকভাবে তারা ৬ ভাই ও ১ বোন। বড় ভাই মৃত। বদরুল ইসলাম সবার ছোট। মোঃ বদরুল ইসলাম ২০০২ সালে সৈয়দপুর বাজার দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে ঢাকা ইম্পেরিয়াল কলেজ এ ভর্তি হন ।
পড়ালেখা শেষে ২০১০ সালে তিনি এলাকায় এসে কামারগাঁও বাজারে মনপুরা ফ্যাশন হাউজ নামে একটি কাপড়ের ব্যবসা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি বড় করে বাজারের শীর্ষ ব্যবসায়ীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এতে বাজারে তার গুরুত্ব বেড়ে যায় অনেক। পারিবারিকভাবে তাদের সবাই প্রতিষ্ঠিত ছিলেন। তার এক ভাই মোঃ ছাদ একজন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। আরেক ভাই হবিবুল্লাহ তিনিও পেশায় ব্যবসায়ী ছিলেন। মোঃ বদরুল ইসলাম কোন রাজনৈতিক দলে সক্রিয় না থাকলেও তার বাবা, ভাই, বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকায় তিনি বিএনপিকে সমর্থন করতেন বলে জানা যায়।
মোঃ বদরুল ইসলাম ২০১৪ সালে ৭ মে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামের মোঃ মনোহর ইসলাম এর বড় মেয়ে তামান্না বেগম এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের কোন সন্তানাদী নেই। তার শ্বশুরবাড়ির বেশির ভাগ সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০১৬ সালের ১৫ জুলাই এর একটি ঘটনা মোঃ বদরুল ইসলামের জীবনের গতিকে পরিবর্তন করে দেয়। জানা যায়, তার ভাই মোহাম্মদ ছাদ ২০১২ সালে আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত আশ্বদ উল্লার ছেলে সাকের আহমদ (শাকির) এর নিকট থেকে আউশকাদি বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার পাশে ৮ শতক জমি ক্রয় করেন। (নবীগঞ্জ উপজেলার দলিল নং-৩৮৩ (১), বই নং-৩১ দেওতৈল মৌজা)। ওই ভূমির সাথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি এম.এ. মুনিম চৌধুরী বাবু’র নামে প্রায় ১৬ শতক জমি ছিল। এই জমি ক্রয় করার পর থেকেই মোহাম্মদ ছাদ এর সাথে শুরু হয় এম.পি এম এ মুনিম চৌধুরী বাবুর দ্বন্দ্ব দেখা দেয়। এর পর থেকে এম.পি’র ভাই আঃ বাছিত চৌধুরী একটি দলিল দেখিয়ে প্রচার করে মোহাম্মদ ছাদ এর ক্রয় করা ৮ শতক জমি ক্রয়সুত্রে তারা মালিক। এ নিয়ে আউশকান্দি বাজার কমিটির মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে একাধিক শালিস হলেও সমাধান হয়নি। মোহাম্মদ ছাদ জমির দলিল জমা করেন বাজার কমিটির কাছে। কিন্তু এম.পি মুনিম বাবু তার মূল দলিল দেখাতে রাজি হননি। এ নিয়ে এম.পি’কে কেউ চাপ দেয়ারও সাহস করতে পারেনি। নবীগঞ্জ ভুমি অফিসে খোজ নিয়ে জানা যায়, তাদের নামে এই ৮ শতক জমির কোনো রেকর্ড বা দলিল নেই। ২০১৬ সালের শুরুতে মোহাম্মদ ছাদ তার জমির সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে এম.পি ও তার ভাই লোকজন নিয়ে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে আবারো সালিশ অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি। পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুলাই এম.পি’র ভাই বাছিত সেই জমিতে জোরপুর্বক দেয়াল নির্মাণ করতে গেলে খবর পেয়ে মোহাম্মদ ছাদ ও তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে এম.পি বাবু সেখানে উপস্থিত হয়ে উস্কানি দিলে অবস্থার অবনতি হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এ সময় বাছিত চৌধুরীর হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়েন। এতে বাছিত চৌধুরীর নিয়োজিত রাজমিস্ত্রী রফিক মিয়া গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরনে হাসপাতালে নেয়ার পুর্বেই রফিক মারা যান। পরবর্তীতে নিহত রফিক মিয়ার পক্ষে বাছিত চৌধুরী বাদী হয়ে ২০১৬ সালের ১৬ জুলাই নবীগঞ্জ থানায় মোহাম্মদ ছাদ, হাবিবুল্লাহ, আকলিছ মিয়া, মো: বদরুল ইসলাম ও মোঃ ফজলুল হক চৌধুরীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় অনেকই গ্রেপ্তার হন এবং মোহাম্মদ ছাদ পলাতক ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় মোঃ বদরুল ইসলাম ও হাবিবুল্লাহকে পুলিশ গ্রেফতার করে। দুই বছর বেশি সময় হাজত বাসের পর তার বাবার মৃত্যু হলে মানবিক কারন দেখিয়ে বদরুল ইসলামকে হবিগঞ্জ আদালত ২০১৯ সালের ৮ অক্টোবর জামিনে মুক্তি দেন। এক সাক্ষাতকারে এ সমস্ত বিষয়ে বলছিলেন ৪নং দীঘলবাক ইউ/পির বর্তমান মেম্বার খালেদ হাসান দুলন। তিনি বলেন, এম.পি মুনিম তার ভাইকে রক্ষায় অন্যায়ভাবে এ হত্যা মামলায় মোহাম্মদ ছাদ ভাই সহ তার ভাইদেরকে ফাঁসিয়েছে এবং প্রতিষ্ঠিত এ পরিবারটি আজ সামাজিক ও অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত।
অনুসন্ধানে আরও জানা যায়, মোঃ বদরুল ইসলাম ব্যবসার পাশাপাশি সমাজের গরিব অসহায় মানুষদের জন্যে কাজ করতেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। তাহার নিজ প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পেশাজীবি কিছু ব্যক্তিকে নিয়ে ২০১৫ সালে ‘পভারটি রিডাকশন সার্ভিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। জেল থেকে মুক্তির পর তার কাপড়ের ব্যাবসাকে আবার চালো করেন। এবং সমবায় সমিতির সাথে সম্পৃক্ত হন। ২০২০ সালের জুলাই মাসে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শিপন আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচিত হবার বছর খানেক পর থেকেই সমিতিতে তিনি একটা প্রভাব বিস্তার করে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মত ঘটনায় জরিয়ে পরেন। তখন থেকেই বদরুল ইসলাম এ সমস্ত ঘটনার প্রতিবাদ করতে থাকেন। এ নিয়ে শিপন আহমেদ এর সাথে তার বারবার ঝামেলা হয়। সমিতির পরবর্তী ২০২৩ সালের জুলাই মাসে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করেন।
বদরুল ইসলামের স্ত্রী তামান্না বেগম বলেন, দীঘলবাক ইউনিয়ন যুবদল নেতা ও এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শিপন আহমেদ দায়িত্বে থাকাকালীন সময়ে তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে সমিতিতে দুর্নীতি করে প্রচুর অর্থ আত্মাসাৎ করেন এতে সমিতি’ অর্থনৈতিক লোকসানে পরে। যার ফলে শিপন নির্বাচনে বদরুল ইসলামের কাছে পরাজিত হন। ৩/০৮/২০২৩ ইং সমিতির দায়িত্ব গ্রহনের পর বদরুল ইসলাম সমিতির অতীত কার্যক্রম তদন্তে একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘদিন তদন্তের পর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালে শিপন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন শিপন আহমেদ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সমিতির পরিচলনা বোর্ডের নিকট সুপারিশ করেন। এর পর থেকে শিপন আহমেদ এর সাথে বদরুল ইসলামের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। শিপন আহমেদ একাধিকবার বদরুল ইসলামকে গুম, খুনের হুমকি প্রদান করেন।
বদরুল ইসলামের স্ত্রী তামান্না বেগম আরো বলেন, ২০২৪ সনের ৮ মার্চ আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে শিপন আহমেদ এর নেতৃত্বে আক্রমণ করা হয়। তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বদরুল ইসলাম বাদী হয়ে শিপন আহমেদকে ১নং আসামী করে ২০২৪ সনের ১৪ মার্চ নবীগঞ্জ থানায় একটি (হত্যা চেস্টা) মামলা দায়ের করেন। এ মামলায় (শিপন গ্রুপ) এর সদস্য হামলায় সহযোগী কাউছারকে পুলিশ ১৩ এপ্রিল গ্রেফতার করে। এতে শিপন আরও ক্ষিপ্ত হয়ে বদরুল ইসলামের উপর ১৫ এপ্রিল আমাদের বাড়িতে আক্রমণ করে।
এদিকে সমিতির অফিসে গিয়ে দেখা যায়, সমিতির কার্যক্রম বন্ধ ও দড়জায় তালা ঝুলছে। ফোনে যোগাযোগ করে কাউকেই পাওয়া যায়নি।
২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে শিপন আহমেদ তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে বদরুল ইসলাম এর উপর প্রতিশোধ নেয়া শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, বদরুল ইসলাম আন্দোলনের সময় ছাত্র জনতাকে খাবার পানীয় ও আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ দিয়ে সাহায্য সহায়তা করেছেন। তিনি নিজেও আন্দোলনে যুক্ত ছিলেন।
অপর দিকে ২০২৪ সনের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগষ্ট ভোরে নবীগঞ্জ থানা পুলিশ বদরুল ইসালামের মনপুরা ফ্যাশন হাউজ এ তল্লাসী চালিয়ে ২টি পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করে। তবে স্থানীয় ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ তল্লাসী ছিল সাজানো নাটক। নাম প্রকাশ না করার শর্তে কিছু সংখ্যক ব্যাবসায়ী বলেন, শিপন আহমেদ এর ইন্ধনে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সমস্ত ঘটনা ছিল সাজানো এবং বদরুলকে ফাঁসানোর কৌশল। বদরুল একজন সৎ ও সামাজিক ব্যাক্তি। সে এ ধরনের কাজ করবে আমরা বিশাস করতে পারিনা।
এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই শফিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে ১২ আগস্ট অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মোঃ বদরুল ইসলাম, বদরুলের ভাতিজা শেখ সুলতান মাহমুদ ও লিকসন মিয়া।
নবীগঞ্জ থানার এসআই শফিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারের পর থেকে বদরুল ইসলাম এখন পর্যন্ত পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেস্টা করে যাচ্ছি।
এদিকে ৭ আগস্ট প্রকাশ্যে শিপন আহমেদ এর নেতৃত্বে মনপুরা ফ্যাশন হাউজে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় হামলাকারীরা দোকান থেকে ২৫/৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবী করেন বদরুলের ভাই মোঃ মুক্তার মিয়া। বর্তমানে মনপুরা ফ্যাশন হাউজের কার্জক্রম বন্ধ রয়েছে।
অনুসন্ধানে জান যায়, শিপন আহমেদ ও তার পিতা দিঘলবাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি’র সভাপতি মোঃ ছালিক মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিশোধের নেশায় বৈষম্য বিরোধী আন্দোলনে গত ২ আগস্ট হবিগঞ্জ শহরে মোস্তাক আহমেদ হত্যার ঘটনায় এস এম মামুন বাদী হয়ে ২০২৪ সনের ২১ আগষ্ট হবিগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় বদরুল ইসলামকে ৪৯ নং আসামিভূক্ত করা হয়। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর গ্রেফতার এড়াতে বদরুল ইসলাম এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছেন। ৬ আগস্ট এর পর থেকে বদরুল ইসলামকে আর এলাকায় দেখা যায়নি। পুলিশ ইতিমধ্যে তার ভাতিজা শেখ সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে।
এ সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে নবীগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত শেখ মোঃ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলা ৩টি আদালতে বিচারাধীন আছে। এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি না।
বদরুল ইসলামের স্ত্রী তামান্না বেগম অভিযোগ করেন, তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং নানা হয়রানির শিকার হচ্ছেন।
এক সময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারটি এখন একের পর এক মিথ্যা মামলা, সহিংসতা ও রাজনৈতিক দ্বন্দ্বে বিপর্যস্ত। সংশ্লিষ্ট সব অভিযোগ ও মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com