স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ইংলিশ সেন্ট পার্ক কোচিং সেন্টারের শিক্ষক হামলায় ইয়াছিন চৌধুরী (১৮) নামে এক ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক রাব্বি আহমেদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। আহত সূত্রে জানা যায়, রাব্বি আহমেদ কালিবাড়ি রোড আরডি হলের বিপরীত দিকে ইংলিশ সেন্ট পার্ক নামে কোচিং সেন্টার খুলে। শহরের রাজনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী উজ্জল চৌধুরীর পুত্র ইয়াসিন চৌধুরী (১৮) ওই কোচিংয়ের ছাত্র। সে নিয়মিত ক্লাস করে। গত ২ দিন আগে প্রাইভেট পড়তে গিয়ে রাব্বি আহমেদ জনৈক ছাত্রী (১৮) কে নিয়ে কোচিং সেন্টারে আপত্তিকর অবস্থায় ইয়াসিন দেখে ফেলে। এ সময় শিক্ষকের সন্দেহ হয় ইয়াসিন তাদের ভিডিও করেছে। গতকাল মঙ্গলবার বিকালে ইয়াসিনকে চৌধুরী বাজারের নিকট একা পেয়ে তার পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার বন্ধু আহকাম এগিয়ে এলে তাকেও আঘাত করে। এক পর্যায়ে দুইজনই মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এবং শিক্ষক রাব্বিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়। এ ঘটনায় তার পিতা উজ্জল চৌধুরী বাদি হয়ে উল্লেখিত দুইজনসহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।