স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের অংশগ্রহণে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, টহল জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। নিয়মিত ব্রিফিং, টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে।