রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ॥ ভোটের গাড়ির “জনমত বাক্সে” জমা পড়ল ৪০ হাজার চিরকুট ॥ সরকারের কাছে কেউ চান বিচার, কেউ বাজার নিয়ন্ত্রণ

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামন উপলক্ষে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে ভোটের গাড়ি চালু করেছে সরকার। ‘দেশের চাবি, আপনার হাতে’ স্লোগানে সেই গাড়িতে আছে ‘জনমত বাক্স’। এতে এখন পর্যন্ত ৪০ হাজার ২০৬ জন তাদের মন্তব্য জমা দিয়েছেন।
মন্তব্য লেখা এসব চিরকুটে কেউ ব্যক্তিগত দুঃখের কথা জানিয়েছেন। কেউ চেয়েছেন সব পাবলিক সার্ভিস হয়রানিমুক্ত হোক। কেউ রাষ্ট্রযন্ত্রের সংস্কার চেয়েছেন, আবার কেউ জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
এসব টুকরো কাগজে উঠে এসেছে নারী-পুরুষের সমতা, শিশুর জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাংখা। আবার কোথাও আছে তীব্র ক্ষোভ ও সরকারের কঠোর সমালোচনা।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরা হয়।
বিভাগভিত্তিক চিত্র:
জনমত বাক্সে জমা পড়া কাগজগুলো পড়লে বোঝা যায়, মানুষ শুধু ভোট দিতে চায় না, তারা কথা বলতে চায়। সবচেয়ে বেশি মন্তব্য এসেছে ঢাকা বিভাগ থেকে ১০ হাজার ২১৬টি। রাজধানীর কোলাহল, সেবাপ্রাপ্তির হয়রানি আর ভোটের দিনের উৎকণ্ঠা উঠে এসেছে এসব মন্তব্যে।
চট্টগ্রামের ৬ হাজার ৬টি মন্তব্যে শ্রমজীবী মানুষের সময়ের হিসাব ও ভোটের দিনে ছুটির আকুতি আছে। রাজশাহীর ৫ হাজার ৭৩৮টি মন্তব্যে উঠে এসেছে শিক্ষা ও বঞ্চনার কথা। খুলনার ৪ হাজার ৬৭৮টি মন্তব্যে জীবনযাত্রার ব্যয় ও বাজারের লাগামহীনতার কথা বলা হয়েছে। রংপুরের ৩ হাজার ৬০৫টি লেখায় আছে দারিদ্র্য ও সম্ভাবনার কথা। এছাড়া বরিশাল, ময়মনসিংহ ও সিলেট থেকেও হাজার হাজার মন্তব্য এসেছে।
ভোটের গাড়িটি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদর ছাড়িয়ে প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে মানুষের মতামত নিয়েছে। হাওর, চর, পাহাড় ও দুর্গম জনপদের মানুষ নিজের হাতে ও নিজের ভাষায় রাষ্ট্রের কাছে কথা বলার সুযোগ পেয়েছে।
মানুষের বিচিত্র ভাবনা :
গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, ‘আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন।’
কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন ভোটাধিকার নিয়ে লিখেছেন, ‘মানুষ চায় সুষ্ঠু ভোট দিতে যেন কেন্দ্রে যেতে পারে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।”
চট্টগ্রামের গোলাম রাব্বানি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি লিখেছেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।’
ঠাকুরগাঁও থেকে একজন দিনমজুর লিখেছেন, ‘গরিব মানুষ দিন মজুরি করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চাই, সিন্ডিকেট চলতেছে বাজারে।’
শিক্ষার ভিত্তি নিয়ে বরিশালের সাদিক লিখেছেন, ‘যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।’
পিরোজপুরের বিপুল কুমার সংখ্যালঘু নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি জানিয়ে লিখেছেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বাঁচতে চাই। সংখ্যালঘু নিরাপত্তা চাই।’
দিনাজপুরের লিজা, বিপাশা, সুমি, লিনা ও বৃষ্টি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে সংস্কারের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক।’
জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা, প্রত্যাশা, এমনকি সমালোচনাও রাষ্ট্রের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com