মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে রক্তয়ী সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের লাশের ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার দুপুর ১২ টা ৫০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আগুয়া গ্রামে নিহতদের লাশ এসে পৌছে। লাশের গাড়ী দেখেই হাজার হাজার জনতা নিহতদের একজনের দেখতে সেখানে ভীড় জমান।
এসময় নিহতদের স্বজনের আর্তনাদে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আছর নামাজের পর নিহত ৩ জনের জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে অংশ গ্রহন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, নবনির্বাচিত বানিয়াচং উপজেলা চেয়ারম্যান, ইকবাল হোসেন খান, বানিয়াচং
থানার অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আব্দুল আহাদ, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার নামাজ শেষে নিহতদের স্বজনদের বাড়ীতে গিয়ে তাদের শান্তনা দিয়ে আসেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ডিআইজি শাহ মিজানুর রহমান। এ সময় ডিআইজি শাহ মিজানুর রহমান বলেন, সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এলাকার সর্বস্তরের মানুষদের প্রতি তিনি অনুরোধ জানান। গতকাল সরেজমিন নিহতদের বাড়ীতে গিয়ে দেখা যায় তাদের স্বজনদের বুকফাটা আর্তনাদ চলছে। নিহত কাদির মিয়ার ৩ অবুঝ সন্তানকে জড়িয়ে তার স্ত্রী ঝুমা আক্তার বাকরুদ্ধ হয়ে গেছেন। স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই চলে স্ত্রী ঝুমা আক্তারের আর্তনাদ। স্বামীর জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে স্ত্রী ঝুমা আক্তারের। ৩ অবুঝ সন্তানের ভবিষ্যত কি হবে এ শংকায় ঘিরে ধরেছে তাকে।
একই অবস্থা নিহত লিলু মিয়ার পরিবারেও। নিহত লিলু মিয়ার ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে দু’চোখ অন্ধকার দেখছেন তার পরিবার। একই অবস্থা রিরাজ করছে সিরাজ মিয়ার পরিবারেও। গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনার জেরে রণক্ষেত্রে পরিণত হয় বানিয়াচংয়ের ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রাম। এ এলাকার একটি সিএনজি স্ট্যান্ডের অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশার লাইন ম্যানেজার বদির মিয়ার সঙ্গে তর্কবিতর্ক হয় ড্রাইভার কাদির মিয়ার। পরে এ ঘটনার জের ধরে দুইপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক
লোক আহত হয়। তন্মধ্যে ঘটনাস্থলেই গুরুতর আহত সিরাজ মিয়া, ও কাদির মিয়া মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান লিলু মিয়া। অপর গুরুতর আহত আনু মিয়া সিলেট এমএজি ওসমানী হাসপাতাল এবং জিলু মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। তাদের দুজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।