নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ওরস উপলক্ষে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা ও এক চালককে হত্যাচেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে বাউসা ইউনুসপীরের মাজারে বার্ষিক উরস মোবারক চলাকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিএনজি চালক মহসিন মিয়া (৩০) বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের আকলু মিয়ার ছেলে। তিনি গত শনিবার দিবাগত রাতে কয়েকজন যাত্রী নিয়ে বাউসা ইউনুসপীরের মাজারে বার্ষিক উরস মোবারকে যান। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তখন ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে মহসিন মিয়া মাজারের পাশেই একটি চেয়ারে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের নজির আলীর ছেলে বাবুল মিয়াসহ ৪/৫ জন ব্যক্তি সেখানে এসে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে মহসিন মিয়ার কাছে সিএনজির চাবি দাবি করে। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক রশি দিয়ে বেঁধে পাশের একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়। সেখানে গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর ও নির্মম নির্যাতন করা হয়। এ সময় সিএনজি ছিনতাইয়ের চেষ্টা চালানোর পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। মহসিন মিয়ার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, উরস উপলক্ষে জনসমাগমের সুযোগ নিয়ে সংঘবদ্ধ একটি চক্র এ ধরনের অপরাধ সংঘটিত করেছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।