স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি রামগঙ্গা এলাকায় একটি ব্রিজের কাছে সড়কের অর্ধেক অংশ বেশ কিছু জায়গা ধসে পড়েছে। ধসে পড়া জায়গাটি ব্রিজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই স্থানটি মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার ওই এলাকায় আকস্মিক সড়কটি ধসে পড়ে।
চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম জানান, গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাস্তাটি ধসে গেছে। খবর পেয়ে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, থানার ওসি কেএম আজমিরুজ্জামানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক ও ব্রিজের আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ধসের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, স্থানীয় প্রভাবশালীরা রাস্তা ও আশপাশের এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসন প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করলেও থেমে নেই বালু উত্তোলন। তারা অবিলম্বে এ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।