স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইসিটি পার্কে বালি ও মাটি ভরাটের নামে খোয়াই নদী ও আশপাশ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হ্রদ কন্সট্রাকশন লি.-এর হবিগঞ্জ আইসিটি পার্ক প্রকল্পে বালু ও মাটি সরবরাহের দায়িত্ব নেন কয়েকজন। এর পর থেকেই খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে শহরতলীর আলম বাজার এলাকা থেকে মাটি বোঝাই একাধিক ড্রাম ট্রাক আটক করা হয়। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। স্থানীয়রা জানান, এ সময় মিজান নামে এক ব্যক্তি জব্দ করা ট্রাকগুলো ছাড়িয়ে নিতে চেষ্টা চালান। এক পর্যায়ে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি সেখান থেকে সটকে পড়েন। পুলিশ ট্রাকগুলো জব্দ করে। তবে অভিযোগ রয়েছে, একটি মহল ট্রাকগুলো ছাড়িয়ে নিতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করেছে। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আসামীরা হলেন-মিজানুর রহমান, খলিলুর রহমান সুমন, আব্দুল করিম ও মোঃ তৈয়ব আলী।