স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম দিনে কোনো ধরনের জরিমানা করা না হলেও ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তবে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। শহরের শায়েস্তানগর বাজার, ট্রাফিক পয়েন্ট, চৌধুরী বাজার, ঘাটিয়াবাজারসহ বিভিন্ন বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
জানা যায়, সরকার ঘোষণা দিয়েছে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা রাখা যাবে না। অথচ অধিকাংশ ব্যবসায়ী তা মানছে না। অভিযান চলাকালে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং সরকারি নির্দেশনা উপেক্ষার বিভিন্ন চিত্র চোখে পড়ে। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “সরকারি নির্দেশনা মানা না হলে আগামী দিন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজার এলাকায় টহল জোরদার করেন এবং অপ্রয়োজনীয় ভিড় কমাতে জনসাধারণকে সচেতন করেন। সেনাবাহিনী সদস্যরাও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে শহরে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষও উপকৃত হবে।