এস এম সুরুজ আলী ॥ দালালের মাধ্যমে সমুদ্রপথে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে হবিগঞ্জের ২ যুবক ৯দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৯ দিন ধরে তাদের সন্ধান পাচ্ছে না পরিবার। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পেয়ে তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।
সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের দালাল আব্দুস সালামের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালী যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে গত ডিসেম্বর রওয়ানা দেন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ৩ সন্তানের জনক লুৎফুর রহমান (৪০) ও তার বায়রা ভাই লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা জুনাইদ মিয়া। জুনাইদ মিয়াও ৩ কন্যা সন্তানের জনক। সেখানে প্রায় সাড়ে ৩ মাস থাকার পর ২১ মার্চ তারা তাদের পরিবারকে জানান, লিবিয়া থেকে আজ গ্রীসের উদ্দেশ্যে গেম (নৌকা) কিংবা বোর্ড ছাড়বে। এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের কোন সন্ধ্যান পাচ্ছেন না। এর মধ্যে তাদের সন্ধানের জন্য দালাল সালামের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করলে সালাম ২৩ মার্চ জানান তারা গ্রীসে পৌছে গেছে। দালাল ওই সংবাদ দিলেও লুৎফুর ও জুনাইদ গ্রিসে পৌছেছে বলে এমন কোন সংবাদ পরিবারকে জানাননি।
এ দিকে ২৭ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেওয়া ২২ জনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। এর মধ্যে বাংলাদেশি ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন সুনামগঞ্জের দিরাইয়ের। ৬ দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকটে কারণে তাদের মৃত্যু হয়।
জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪জন দক্ষিণ সুদানের নাগরিক এবং ১জন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা গনমাধ্যমকে জানিয়েছেন, যাত্রাপথে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। এ দিকে এ খবর তাদের বাড়িতে ছড়িয়ে পড়লে তারা দালাল সালামের সাথে যেগাযোগের চেষ্টা করে সালামের কোন সন্ধান পাচ্ছেন না। দালাল সালাম তার মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।
নিখোঁজ লুৎফুর রহমানের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, দালাল সালামের মাধ্যমে ২০ লাখ টাকা চুক্তিতে ইতালীর যাওযার উদ্দেশ্যে আমার ভাই ও তার বায়রা ডিসেম্বরে বাড়ি থেকে বের হয়ে লিবিয়াতে যান। গত ২১ মার্চ আমার ভাই ভাবিকে ফোন করে জানান, আজ তাদের নিয়ে গ্রীসে উদ্দেশ্যে বোর্ডে মাধ্যমে রওয়ানা দেবেন। পরবর্তীতে আমরা আর তাদের কোন সন্ধান পাইনি। রওয়ানা দেওয়ার দু’দিন পর দালালের সাথে যোগাযাগ করা হলে তিনি জানান তারা গ্রীসে পৌছেছে। কিন্তু অদ্যাবধী পর্যন্ত তাদের কোন সন্ধান পাচ্ছি না। ২৭ মার্চ ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে বাংলাদেশি ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর থেকে আমরা দালাল সালামের কোন খোঁজ পাচ্ছি না, সে তার মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছে। এ অবস্থায় আমাদের পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। লিবিয়া অবস্থানরত আমাদের এলাকার লোকজনদের সাথে যোগাযোগ করেও তাদর কোন সন্ধান পাচ্ছি না। আমরা আমার ভাইয়ের সন্ধ্যান চাই। এ জন্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতা কামনা করছি।
সানাবই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শাহনেওয়াজ জানান, নিখোঁজ লুৎফুর রহমান আমার চাচাত ভাই। লুৎফুর রহমানের সাথে তার শ্যালিকার জামাতাও রয়েছে। ২১ মার্চ তাদের গেম হলেও অদ্যবধী পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা জীবিত আছেন না মারা গেছেন তাও আমরা জানতে পারছি না। ২৭ মার্চ বাংলাদেশি ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দালাল সালামও আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় লুৎফুর রহমানের বৃদ্ধ পিতা, স্ত্রী, ৩ সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা। আমরা অবিলম্বে দালালের গ্রেফতার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চাই।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।