মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চৌধুরী বাজারে মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ওজনে কম দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী চৌধুরী বাজারে মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছ ও সবজির দোকানে ডিজিটাল ওজন মেশিন ব্যবহার করা হলেও অনেক ক্ষেত্রেই নির্ধারিত ওজনের চেয়ে কম পণ্য দেয়া হচ্ছে। ক্রেতারা অভিযোগ করেন, এক কেজি মাছ বা সবজি কিনলেও প্রকৃতপক্ষে ৮০০ থেকে ৯০০ গ্রাম পর্যন্ত দেয়া হচ্ছে। ফলে প্রতিদিনই আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ভোক্তা জানান, “ওজন ঠিক আছে কিনা যাচাই করার সুযোগ নেই। বিক্রেতাদের ওপর ভরসা করে কিনতে হয়, কিন্তু পরে বুঝতে পারি কম দেয়া হয়েছে।”
অনেকেই বলেন, প্রতিবাদ করলে ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এদিকে কিছু ব্যবসায়ী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “ওজন কম দেয়ার কোনো প্রশ্নই আসে না। মাঝে মাঝে মেশিনের ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে এমন অভিযোগ উঠতে পারে।”
তবে স্থানীয় সচেতন মহল বলছে, বাজারে নিয়মিত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অভিযান না থাকায় এই অনিয়ম দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে অনিয়ম ধরা পড়ার নজির রয়েছে, যেখানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে ।
চৌধুরী বাজারের ব্যবসা-বাণিজ্যের সুনাম রক্ষা এবং ভোক্তাদের স্বার্থে দ্রুত নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এ ধরনের প্রতারণা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com