হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৮টি সিলিকা বালু কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্লাইড উপস্থাপনার মাধ্যমে কোয়ারিগুলোর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরেন পরিবেশ বিশেষজ্ঞ ফাহিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ (কনসালটেন্ট) মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক গোলাম সামদানী এবং বিএমডি’র সহকারী পরিচালক মাসুক-উন-নবী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এতে পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ অধিদপ্তরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, হবিগঞ্জ জেলায় মোট ২৩টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে, যার মধ্যে বাহুবল উপজেলায় রয়েছে ৮টি যেগুলো স্থানীয়ভাবে ‘ছড়া’ হিসেবে পরিচিত।
বক্তারা বলেন, এসব “ছড়ায়” দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ উপায়ে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
তারা আরও বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব “ছড়া” ইজারা দেওয়া হলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি অবৈধ উত্তোলনও নিয়ন্ত্রণে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার ওপর নির্ভরশীল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উপযুক্ত মনে হলে ইজারা প্রদান করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই ছড়ার আড়ালে পাহাড় কেটে বালু উত্তোলন করা যাবে না।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।