সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলাতেও হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় শিশু ও কিশোরদের মধ্যে এ রোগের লক্ষণ দেখা যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; সময়মতো চিকিৎসা ও সচেতনতা থাকলে এ রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
জানা যায়, গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে হাম রোগে আক্রান্ত উমেদনগরের হৃদয় খানের ৬ মাসের শিশু পুত্র আফরা, বানিয়াচং যাত্রাপাশা গ্রামের জাহেদ আলীর ৪ মাসের পুত্র সাফায়ান, বামৈ গ্রামের নুর মিয়ার ২ মাসের কন্যা নোবা ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। তাদের জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই জেলায় ছড়িয়ে ছিটিয়ে হাম রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। অনেকেই প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে হাসপাতালে আসছেন। ফলে ধীরে ধীরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
চিকিৎসকরা জানান, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পরিচর্যা ও চিকিৎসায় রোগীরা সুস্থ্য হয়ে ওঠে।
হবিগঞ্জ সদর হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান, “হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে অবহেলা করা যাবে না। আক্রান্ত রোগীকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুষ্টিকর খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, টিকাদানের মাধ্যমে হাম রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই যেসব শিশু এখনও টিকা নেয়নি, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। জ্বর, ফুসকুড়ি বা হাম রোগের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে হবিগঞ্জে হাম রোগের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com