স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাঘজুর গ্রামে মসজিদের হিসেব নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত স্কুল ছাত্রী সানজিদা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৪ টার দিকে মারা গেছেন। সোমবার সানজিদার লাশের ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। রাত ৯টায় নিজ গ্রামে সানজিদার লাশের দাফন সম্পন্ন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাঘজুর গ্রামে পূর্ব পাড়ার বায়তুস সালাম জামে মসজিদের কাজের হিসেব চাওয়া নিয়ে গত ১৭ মার্চ রাতে আব্দুস সালাম এর সাথে হারুন মিয়ার কথা কাটাকাটি হয়। ওই রাতে এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মধু মিয়ার কন্যা নাগুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্রী সানজিদা আক্তার (১৩) টেটাবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সানজিদাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসাতালে রেফার করেন। সিলেটের নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসা নেওয়ার পর ২৯ মার্চ রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে মারা যান সানজিদা। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সানজিদা লাশের ময়না তদন্ত শেষে রাতে লাশ বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়।
এ দিকে সানজিদার মৃত্যুতে তার পরিবারসহ আত্মীয় স্বজন, গ্রামবাসী, স্কুলের সহপার্টিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ সময় পরিবারের সদস্যদের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। সানজিদার আত্মীয় স্বজন সহপাটি সকলই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের লাশের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানের গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অব্যাহত অভিযান রয়েছে।