স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার খবর পেয়েই লস্করপুর এলাকায় নদীর ভাঙা বাঁধ পরিদর্শনে ছুটে যান জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
গতকাল রবিবার তিনি সরেজমিনে বাঁধের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও ধৈর্য ধারণের আহ্বান জানান।
হুইপ জি কে গউছ বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগণের পাশে থাকবো আমরা। তাই আতঙ্কিত না হয়ে সবাই সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।
তিনি বলেন, খোয়াই নদীর পানি বৃদ্ধি ও বাঁধের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব। জনগণের জানমাল রায় আমরা কাজ করছি। যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি আমরাও সবসময় আপনাদের পাশে রয়েছি।
এ সময় হুইপ জি কে গউছ বাঁধের মেরামত কাজ দ্রুত শেষ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদপে গ্রহণের নির্দেশনা দেন।
বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের।