স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ মিনিট ওই মহাসড়কসহ শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে যান চলাচল বন্ধ থাকে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহুবল থানাধীন মিরপুর এলাকার তিতারকোনা পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ১০-১৫ জন লোক মিরপুর এলাকায় বালুবাহী ট্রাকসহ বিভিন্ন ট্রাক থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় শ্রীমঙ্গলের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের চালক শাহীন মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে চাদা আদায়কারীদের সাথে তার তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে শাহীন মিয়া তার ট্রাকসহ আরও কয়েকটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে রেখে সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন। এতে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রায় ৫০ মিনিট পর রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বাহুবল থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।