স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সাতছড়ি বনপর গভীর অরন্যে বিজিবি’র অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে। বিজিবি সুত্রে জানা যায়, গেপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট ভোররাত সাড়ে ৪ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান-এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্ত এলাকার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পিস্তল ৬টি, ম্যাগাজিন ৭টি এবং বিভিন্ন প্রকারের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও
অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, গত ৩ মাসে ৫৫ বিজিবি’র অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লক্ষ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।