চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের কাজিরখিল বাজারসংলগ্ন খোয়াই নদীর পাড়ে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মো. সায়েদ ইসলাম, মো. আব্দুল মন্নান, মো. জিতু মিয়া, মো. রুবেল মিয়া ও মো. শাহআলম মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক পাঁচজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্টের আদেশে জব্দ করা গাঁজা ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জামাদি ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।