স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গুচ্ছগ্রামে গভীর রাতে ঘরে ঢুকে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ ও পরে বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মারপিটের অভিযোগ উঠেছে ছয় ব্যক্তির বিরুদ্ধে। ওই নারী গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, দিঘলবাকের কৃষকদল নেতা জামাল মিয়া, আব্দুল কাইয়ুম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহিদ মিয়া, রুস্তম আলী, আব্দুল্লাহ ও উস্তার মিয়া।
লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৪ আগস্ট কাইয়ুম গুচ্ছগ্রামের একটি ঘরে ঘুমিয়ে থাকা ওই নারীর দরজায় কড়া নাড়া দেন। দরজা খোলার পর ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন কাইয়ুম। যাওয়ার সময় বিয়ের আশ^াসে ঘটনা গোপন রাখতে বলেন। কাউকে জানালে দেওয়া হয় হত্যার হুমকি। পরে ওই নারী বাকী আসামীদের নিকট বিচার নিয়ে গেলেও তারাও উচিৎ বিচার করবেন জানিয়ে মামলা না করতে অনুরোধ জানান। বিচার চাইতে গত বুধবার তাদের বাড়িতে গেলে সকল আসামীরা মিলে তাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন।
তিনি আরও জানান, আসামীরা হত্যাসহ বিভিন্ন মামলার আসামী। এলাকাবাসী ভয়ে তাদের অপরাধের প্রতিবাদ করেন না। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান জানালেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।