নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে নবীগঞ্জ থানা সংলগ্ন সাবাজ মেডিকেল স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল ফার্মেসির জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও জরুরি কিছু ওষুধ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফার্মেসিতে প্রবেশের পর চোরেরা বিভিন্ন ড্রয়ার ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি দেখতে পেয়ে ফার্মেসির মালিক নবীগঞ্জ থানায় খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী ফার্মেসির মালিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
ফার্মেসির স্বত্বাধিকারী ডাঃ এটিএম জাফর ইকবাল (রতন) বলেন, গভীর রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও তার প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা আরও দুইবার ঘটেছে। তিনি বলেন, আগের ঘটনাগুলোও নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করলেও জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন সময় রাতের বেলায় তাদের বাসার ভেতরেও অপরিচিত লোকজনের অবস্থান শনাক্ত করার কথা জানান তিনি। দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।