স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার দীর্ঘ প্রায় আড়াই বছর পর জসিম নামের সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকালে ডিবি ও বাহুবাল থানা পুলিশ তাকে আটক করে। সে বাহুবল উপজেলার গঞ্জলপুর গ্রামের হোসেন আলীর পুত্র। অপরদিকে নিহত সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বাহুবল আলিফ সোবহান কলেজের ছাত্র ছিলেন এবং উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসের শুরুর দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সাইফুল। এরপর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের প্রায় ৫ দিন পর হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে করাঙ্গী নদী থেকে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় তাঁর গলিত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
পরে নিহতের পিতা আব্দুল মালিক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটির দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন রহস্য উদঘাটন না হওয়ায় বাদির আবেদনের প্রেক্ষিতে অধিক তদন্তের জন্য হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবিকে দায়িত্ব দেওয়া হয়।
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রঞ্জিত চন্দ্র আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন দীর্ঘ তদন্তে সাইফুল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।