স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লষ্করপুর ইউনিয়নে বন্যাকবলিত শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। আতাউর-মজকুরা চ্যারিটি ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং লষ্করপুর ইউনিয়ন শাখার বাস্তবায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, হবিগঞ্জ সদর উপজেলা হাজী মোঃ আব্দুল কুদ্দুস এবং সেক্রেটারি এস এম নাদির শাহ।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আবদাল আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জলিল, সভাপতি, ১০নং লষ্করপুর ইউনিয়ন শাখা।
বন্যাকবলিত শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে ফুড প্যাক হিসেবে ৫ কেজি চাল, তেল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেন, বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি আতাউর-মজকুরা চ্যারিটি ফাউন্ডেশনকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। বন্যাকবলিত পরিবারগুলোর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং লষ্করপুর ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন্যাকবলিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।