স্টাফ রিপোর্টার ॥ পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার মানোন্নয়ন এবং নাগরিকবান্ধব করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগে ব্যাপক অগ্রগতি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সেবার গতি বাড়াতে নেওয়া হয়েছে নানা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। হবিগঞ্জ পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে ২০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে দায়িত্ব গ্রহণের পর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে পৌর ডিজিটাল সেন্টারে দুইজন সার্বক্ষণিক কম্পিউটার কর্মী এবং একজন সার্বক্ষণিক সহায়তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে কার্যক্রমের নিয়মিত তদারকি, আবেদন দ্রুত নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় আরও জোরদার হয়েছে। গত দুই বছরে হবিগঞ্জ পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ সময়ে নতুন জন্ম নিবন্ধন করা হয়েছে ৬ হাজার ৯০১টি, জন্ম নিবন্ধন সংশোধন করা হয়েছে ১০ হাজার ৮৯টি এবং মৃত্যু নিবন্ধন করা হয়েছে ৯৪৮টি। এছাড়া ১ হাজার ৬৯টি প্রতিলিপিসহ মোট ১৯ হাজার ৭টি সনদ প্রদান করা হয়েছে। জন্ম নিবন্ধন সংশোধনের ১২ হাজার ৬২২টি আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্রায়ন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সরকারি কোষাগারে মোট ২০ লাখ ৮ হাজার ২৬০ টাকা জমা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা আরও দ্রুত, স্বচ্ছ, সহজ ও মানসম্মত করতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের ভোগান্তি কমিয়ে সেবার মান আরও উন্নত করার পাশাপাশি কার্যক্রমে জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।