স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের বিরুদ্ধে একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলেছেন সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। এবার বিদ্যালয়টি থেকে ১২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫০ জন। এতে বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশে। ফলাফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনে গাফিলতির কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একজন পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। তাদের ভাষ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম শুধু অবকাঠামো দিয়ে ধরে রাখা সম্ভব নয়। নিয়মিত পাঠদান, শিক্ষকদের মধ্যে সমন্বয়, শিক্ষার্থীদের প্রতি নজরদারি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বই ভালো ফলাফলের অন্যতম ভিত্তি। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে তার প্রভাব পরীক্ষার ফলাফলে পড়াটাই স্বাভাবিক। সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বিদ্যালয়ে একজন যোগ্য, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে বিদ্যালয়ের হারানো সুনাম পুনরুদ্ধার এবং আগামীতে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে।
তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামকে এ বিষয়ে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।