স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদ কিশোর গ্যাং, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। গত বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এরপর থেকেই প্রশাসনের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। গত শুক্রবার রাতে ডিবির ওসি শামীম ইকবালের নেতৃত্বে পুলিশ বহুলা, শায়েস্তানগর, ২নং পুল, উমেদনগর, গোসাইপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত খানকে আটক করেছে। সে শায়েস্তানগর এলাকার কমরু মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।