স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। কয়েক ঘন্টা পর এসব ট্রেন গন্তব্যে স্থানে গিয়ে পৌঁছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। ঈদের পর থেকেই এরকম ট্রেনের সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন যাতায়াত করছে। এদিকে শায়েস্তাগঞ্জ স্টেশনের মাষ্টার ও কাউন্টারে লোকজনকে সময়মতো পাওয়া যাচ্ছে না। এতে করে ট্রেন কখন আসা যাওয়া করবে তার তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল শনিবার জয়ন্ত্রিকা, কালনী, পারাবত, পাহাড়িকা, উপবন, উদয়নসহ আন্তঃনগর ট্রেন ১-২ ঘণ্টা পর গন্তব্যে স্থানে আসা যাওয়া করে। আবার কোনো কোনো সময় দেখা যায়, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। স্টেশন মাষ্টার জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরায় চাপ বাড়ছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।