মাধবপুর প্রতিনিধি ॥ হুইপ জি কে গউছ এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ পরিশ্রম, দক্ষতা ও জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান জনগণের ভোটে একাদশ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশের মানুষের চাহিদা পূরণে তাঁর পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যেই এ খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন।
বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে। জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নই বিএনপি সরকারের মূল ল্য। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জনগণের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা ও স্বপ্ন তুলে ধরেছিলেন – একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, দেশের স্বার্থে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ”হণ করবে।
সোমবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ এমপি উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন।
জি কে গউছ বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো কৃষি। কৃষিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হলে পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশের নদী, খাল-বিল ও জলাধারগুলোকে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই খাল পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর -চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হয়, সে বিষয়েও সরকার কঠোর নজরদারি রাখবে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়ার নাজিম উদ্দিন শামছু উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সেক্রেটারি মীর সিরাজ, সাংগঠনিক করিম সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ প্রমুখ।