এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় অবৈধভাবে গড়ে উঠা মেলার বাজার থেকে জনতার বাজার পশুর হাট’কে কেন্দ্র করে স্থানীয় নেতাদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্ধে এখন ৩টি বাজারে পরিণত হয়েছে। তাহলো জনতার বাজার, মুড়াউড়া একতা বাজার ও পুরাতন মেলার বাজার। সরকারের কোটি টাকা রাজস্ব ফাকিঁ দিয়ে চলছে এই বাজার গুলো। ওই বাজারকে ঘিরে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তির শিকার। অভিযোগ উঠেছে-আপনি গরু বা খাসি নিয়ে গাড়িতে উঠবেন ঠিকই, কিন্তু কোন বাজারে নামবেন সেই সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় একটি পক্ষ। বিশেষ করে মুড়াউড়া একতা বাজারে না নামলে চালকদের মারধোর ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী গরু নিয়ে আসা গাড়ীর চালকরা। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ফলে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ওই বাজার গুলোতে পশু নিয়ে কোন ট্রাক বা পিকআপ গাড়ী যায়নি। তাদের দাবি, নির্দিষ্ট বাজারে না গেলে গাড়ি আটকে দেওয়া, জোরপূর্বক ঘুরিয়ে নেওয়া, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে করে পশু ব্যবসায়ী, খামারি ও সাধারণ ক্রেতারা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বাজারে যাওয়ার আগেই শুরু হচ্ছে চাপ, টানাহেছড়া, ভীতি আর অনিশ্চয়তা।
স্থানীয়দের প্রশ্ন- কোন ক্ষমতার জোরে চলছে এসব? প্রশাসনের নির্দেশনা ও আইন কি কাগজেই সীমাবদ্ধ? একদিকে অবৈধ জনতার বাজারের অভিযোগ, অন্যদিকে জোরপূর্বক একতা বাজারে গাড়ি নেওয়ার তৎপরতা সব মিলিয়ে পুরো পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা তৈরি করছে।
অনেকে বলছেন, বাজারের নামে গড়ে উঠছে স্বার্থের বলয়। সাধারণ মানুষের রুজি-রুটি আর নেতাদের পকেট ভর্তি টাকার ব্যবসাকে কেন্দ্র করে যদি প্রভাবের লড়াই চলে, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিপ্রস্থ্য হবে জনস্বার্থই।
এ অবস্থায় এলাকাবাসীর একটাই দাবি-আইনের শাসন নিশ্চিত হোক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নতুবা প্রশ্ন থেকেই যাবে, এই দাপটের শেষ কোথায়? এদিকে পশু বহনকারী পিকআপ গাড়ী চালকরা ওই বাজার গুলোতে পশু নিয়ে গাড়ী গুলো যাবে না বলে ঘোষনা দিয়েছেন ট্রাক মালিক শ্রমিক সংগঠনের নেতারা।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার গজনাইপুর ইউনিয়নে পুরাতন বাজার হিসেবে এক সময় মেলার বাজার হিসেবে খ্যাত ছিল একটি বাজার। ওই বাজারে সাপ্তাহিক হাটে অন্যান্য পণ্যের পাশাপাশি উঠতো গরু, ছাগল, হাসঁ মুরগীও। এক সময় বাজারটি বিলুপ্ত হলে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা গড়ে উঠে দিনারপুর জনতার বাজার। সরকার প্রথম দিকে বাজারটি ইজারা দেয়। পরবর্তীতে স্থানীয় সিন্ডিকেটের কারনে ইজারা দিতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক খাস কালেকশন আদায় করতেন। প্রতি শনিবার হাট বসতো। দেখা যেতো প্রতি বাজারে লাখ টাকার উপরে আয় হয়। এ সব দেখে স্থানীয় নেতাদের লোভ কে আর সামলায়। তারা ঐক্যবদ্ধভাবে বাজার পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টিসহ প্রতিটি পক্ষের প্রতিনিধি রয়েছেন বড় বড় পদে। এটাকে সঙ্গী করে বন্ধ করে দেয়া হয় সরকারের ইজারা ও খাস কালেকশন আদায়। মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দিয়ে আটকানো হয় সরকারের রাজস্ব আদায়ের সকল পথ। বঞ্চিত হয় সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে। এভাবেই জনতার বাজারে অবৈধ পশুরহাট পরিচালিত হচ্ছে স্থানীয় প্রভাবশালী ও বিত্তশালীদের সংশ্লিষ্টতায়। ফলে জেলা প্রশাসক একাধিকবার বাজার বন্ধের উদ্যোগ নিলেও স্থানীয় নেতাদের কারনে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সম্প্রতি এই পশুরহাট বন্ধ করতে পুলিশ, নির্বাহী অফিসার ও হবিগঞ্জ থেকে একাধিক ম্যাজিস্ট্রেট সরজমিনে গেলে প্রশাসনের সাথে দ্বন্ধে জড়িয়ে পড়েন বাজার পরিচালনা কমিটির লোকজন। তৎকালীন সময় হেনস্তার শিকার হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এই ঘটনায় মামলা হয়। গোপলার বাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তা সত্যেন্দ্র দেবনাথ বাদী হয়ে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৮ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পশুর হাট বন্ধে প্রশাসন মাইকিং ও লিখিতভাবে নিষেধাজ্ঞা জারি করে। এর পরও গতকাল শনিবার সেখানে হাট বসানো হয়। হাট বন্ধে ঘটনাস্থলে গেলে দায়িত্বরত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ায় কমিটির লোকজন। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মামলা দায়েরের পর বেশ কিছুদিন বাজার বন্ধ থাকে। আবার অদৃশ্যের কারনে চালু হয় জনতার বাজার পশুর হাট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পুর্ব মুহুর্তে জনতার বাজার পরিচালনা কমিটিসহ এলাকাবাসী জন্তার বাজার বন্ধ করে পুরাতন মেলার বাজার বসবে পশুর হাট, এমন ঘোষনা দেন। কিন্তু তাতেও কোন ফল হয়নি। বরং স্বার্থের কারনে গড়ে উঠেছে একাধিক বাজার। সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠা জনতার বাজার, মেলার বাজার ও মুড়াউড়া একতা বাজার নামে চলছে ৩টি পশুর হাট।
সংশ্লিষ্টরা বলছেন, এই হাটে কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে লুটপাট। হাইকোর্টের রুলনিশি আর প্রশাসনিক জটিলতার মারপ্যাঁচে হাট বসানোর বন্দোবস্ত করে স্থানীয় লোকজন ও নেতাদের মধ্যে চলে ভাগবাটোয়ারা।
বাজার এলাকায় গিয়ে জানা যায়, মহাসড়কের পাশে গজনাইপুর ইউনিয়নে প্রতি শনিবার বসছে জনতার বাজার পশুর এই বিশাল হাট। প্রতিবারে ২০ থেকে ২৫ হাজার গরু উঠছে। বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ হাজার পশু। নির্ধারিত জায়গা ছাড়িয়ে এর বাইরেও রাখা হয়েছে পশুর পাল।
একটি সূত্রে জানায়, প্রতি হাটে প্রত্যয়ন ফির নামে ১০ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হচ্ছে; যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় রাজনৈতিক নেতারা। এই সব লোভে সৃষ্টি হয়েছে নতুন করে আরও দু’টি বাজার। বর্তমানে প্রতি শনিবারে চলছে ওই এলাকায় এক অরাজকতা। উক্ত বাজারে বিভিন্ন স্থান থেকে পিকআপ গাড়ী যোগে লোকজন পশু নিয়ে আসেন। কিন্তু এ সব গাড়ী নিয়ে শুরু কাড়াকাড়ি। বিক্রেতার পছন্দের বাজারে নামানোর সুযোগই নাই, মুড়াউড়া একতা বাজারের কতিপয় লোকজন জোরপুর্বক গাড়ী আটকিয়ে পশু নামানোর চেষ্টা করছে। বাধাঁ দিলে হেনস্তাসহ গাড়ী চালকদের মারধোর করা হয়। অনেকটা জিম্মি হয়ে পড়েছে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন জানান, জানুয়ারি ২০২৫ইং থেকে সরকারিভাবে কোনো কালেকশন হয়নি বাজার থেকে। বাজার কমিটি কালেকশন করে নিজেদের মতো সব নিয়ন্ত্রণ করছে। এই বাজারের বৈধতা নিয়ে করা হাইকোটের রিট ও রুলের কপি তাঁর হাতে পৌঁছেছে।
আইনের মারপ্যাঁচ, রলনিশির জটিলতায় কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না। সম্প্রতি মহাসড়কের পাশে এই পশুর হাট না বসানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলে এর বিরুদ্ধে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ হাইকোর্টে রিট করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত হবিগঞ্জ জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেন, কেন বাজার স্থগিতের আদেশ দেওয়া হলো তার ব্যাখ্যা দিতে বলেন। আইনের মারপ্যাঁচে এই হাট বন্ধ হয়নি, জনতার বাজার ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। প্রত্যয়নের নামে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা, তাও কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই। এদিকে রুলনিশি নিয়ে জটিলতার মাঝে পাঁচ মাসে ১৭ দফা হাট বসায় বাজার কমিটি। প্রতিবারই পশু বিক্রয়ের সময় ‘প্রত্যয়ন’ নামে প্রতি ব্যবসায়ীকে দিতে হচ্ছে এক থেকে দুই হাজার টাকা। সে হিসেবে প্রতি হাটে আদায় হচ্ছে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা।
স্থানীয় নাগরিকরা বলছেন, হাটটি যেহেতু অনুমোদনহীন, তাই কোনো প্রত্যয়নপত্র বা রসিদের সুযোগ নেই। অবৈধভাবে পরিচালিত হাট থেকে অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক। প্রশাসনের স্পষ্ট নির্দেশনার পরও হাট বসায় এবং অর্থ আদায়ে কোনো ধরনের বাধা না আসায়, তারা প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন। অন্য একটি পক্ষ বলছে, প্রশাসনের নীরবতা নিয়ে কথা হলেও মূলত আইনের মারপ্যাঁচের সুযোগ নিচ্ছে চক্রটি।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ বলেন, বাজার তাদের মাধ্যমেই পরিচালিত। হাইকোর্টে রুলনিশি জারির পরে তা চলছে। আইনের মারপ্যাচে কি বাজার গুলো এভাবেই চলবে। সরকারের কোটি টাকা রাজস্ব ফাকিঁ দিয়ে স্থানীয় স্বার্থেরনিশি মহলের কুটিঁর জোর নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে বাজার এলাকায় টানাহেছড়ার ঘটনা বন্ধ না হলে যে কোন সময় বড় ধরনের সংঘাত-সংঘর্ষে রূপ নিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।