স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যে আওয়ামীলীগ বেগম খালেদা জিয়াকে জেল কাটিয়েছে, যে আওয়ামীলীগ তারেক রহমানকে প্রবাসে রেখেছে, সেই আওয়ামীলীগ আমাদের বন্ধু হতে পারে না। যারা ক্ষুদ্র স্বার্থের জন্য আওয়ামীলীগকে ডাইনে বামে বসান, আওয়ামীলীগের লোকজনের সাথে ব্যবসা করেন, আওয়ামীলীগের সম্পদ পাহারা দেন, মানুষ আপনাদের কি বলে সেটা কান পেতে শুনেন। মানুষ আপনাদেরকে মুনাফিক বলে, মুনাফিক। তিনি গতকাল দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী সফল করতে মাধবপুর পৌর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- যারা বিগত ১৭টি বছর রাজপথে ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ছিল না, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল না, তারা এখন চোখে চশমা আর বুকে ধানের শীষ লাগিয়ে বিএনপির এজেন্সি নিতে চায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদেরকে কোনো দিন কারাভোগ করতে হয় নাই। কারণ তারা আওয়ামীলীগের সুবিধা ভোগী, তারা এখনও আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ পালিয়েছে, কিন্তু মাঠের আওয়ামীলীগ পালিয়ে যায় নাই। তাদের অন্তরে আগেও দুষ্টামী ছিল, তারা দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আপনার-আমার বিরুদ্ধে ছিল, এখনও আছে, তাদের অবস্থান পরিবর্তন হয় নাই। তারা সুযোগ পাইলেই ছোবল দেয়ার চেষ্টা করবে। আওয়ামীলীগ হচ্ছে বিষধর সাপ।
জি কে গউছ বলেন- বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষ যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালবাসে, বিএনপিকে পছন্দ করে। তিনি বলেন- বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে পদ পদবী নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগীতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেটা প্রতিহিংসায় রূপ দেয়া যাবে না। আমরা সকলে মিলেই বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন- প্রশাসনের অনেকই ভাল ব্যবহার করছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ দেই। কিন্তু সেটা যেন আওয়ামীলীগের মত না হয়। অন্তরে বিষ নিয়ে সুবিধার জন্য আমাদেরকে ভালবাসা দেখাইয়েন না। মানুষ গর্জে উঠলে কি হয় তা আগষ্টের ৪/৫ তারিখ বাংলাদেশের প্রশাসন অন্যত্র আশ্রয় নিয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। মানুষের বিপক্ষে যে যখনই গিয়েছে আল্লাহ তাদেরকে সহায়তা করেননি।
পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ লিংকন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদকফিরোজ মিয়া, সাবেক কাউন্সিলর আবুল, সুরঞ্জন পাল, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, লাল মিয়া, গিয়াস উদ্দিন, ইশরাত জাহান ডলি প্রমুখ। এর আগে সকালে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় অপর একটি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।